রাবি সংবাদদাতা:
ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড.
মোইজুর রহমানকে লাঞ্চনার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন ও মানববন্ধন
করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা সুষ্ঠ তদন্ত ও ঘটনার
সাথে জড়িত ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবি জানান।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে সংবাদ
সম্মেলন ও মানববন্ধন কথা থাকলেও শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে
বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে
শিক্ষার্থীরা।
কর্মসূচিতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের তৃতীয়
বর্ষের শিক্ষার্থী আল আমিন লিখিত বক্তব্যে কিছু দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- আন্তঃবিভাগ প্রতিযোগিতার যেকোনো খেলায়
যথেষ্ট নিরাপত্তার নিশ্চিত করা। অভিযুক্ত ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল,
ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িত অন্যান্য শিক্ষার্থীদের
বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
এসময় সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষা বর্জনের
হুশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) রাবি আন্তঃবিভাগ ফুটবল
প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল
সায়েন্স বিভাগ বনাম আইবিএ অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। এসময়
টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে
উত্তেজনার সৃষ্টি হয়। তখন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের
অধ্যাপক ড. মোইজুর রহমান মিমাংসার জন্য এগিয়ে গেলে
আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক তাঁর
কলার ধরে টানাহেঁচড়া করে এবং অন্যান্য শিক্ষার্থীদের মারধর করে।##








