রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বেঙ্গল কয়েল কারখানা নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে বিএসটিআই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পণ্যের মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে গোপনে মশার কয়েল উৎপাদন ও বিক্রয় করার অভিযোগে সিলগালা করা হয়। গতকাল বুধবার দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র রংপুর বিভাগীয় সহকারী পরিচালক জাহিদুর রহমান ও ফিল্ড অফিসার মারুফা বেগম। বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ বলেন, পণ্যের মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে কয়েলের প্যাকেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিল হারাগাছের মধ্যপাড়া গফুরটারী এলাকার বেঙ্গল কয়েল ফ্যাক্টরি (মেসার্স সাগর এন্টারপ্রাইজ)। অভিযানের সময় কারখানা মালিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এসময় প্রায় ৫ হাজার মশার কয়েল জব্দ করা হয়। এছাড়াও কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে গফুরটারী মাতৃসদন রোডে অবস্থিত মেসার্স কাজল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও কারখানা বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। গত ১৬ অক্টোবর বেঙ্গল কয়েল কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে গোপনে কয়েল উৎপাদন অব্যাহত রাখেন মালিকপক্ষ।







