স্থানীয় সরকার বিভাগকে সর্বোচ্চ ১৭ দশমিক ৬৮ শতাংশ বরাদ্দ দিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাঁটছাঁট করে সংশোধন করা হলো। সাড়ে ১৮ হাজার কোটি টাকা বৈদেশিক সাহায্যের পরিমাণ কমিয়ে আরএডিপি ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকায় অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। আরএডিপিতে ২১ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে এবং ৩৬ মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৩.৩৬ শতাংশ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং তৃতীয় সর্বোচ্চ ১১.২৮ শতাংশ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। দশ মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়া হয়েছে ৭২.৭৪ শতাংশ বা এক লাখ ৬২ হাজার ৭২৯ কোটি ৮০ লাখ টাকা।
শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বুধবার (১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার আনুষ্ঠানিক ব্রিফিংএ বিস্তারিত জানান।
সভা সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য সংশোধিত এডিপির আকার ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা চূড়ান্ত করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৭৪ হাজার ৫শ’ কোটি টাকা। মূল এডিপির আকার ছিল দু লাখ ৪৬ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা। এখানে শুধু বৈদেশিক উৎসের অর্থায়ন কমানো হয়েছে। আর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের ৮ হাজার ৯৯৪ কোটি ৫৮ লাখ টাকার এডিপি’র আকার অপরিবর্তিত রয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ৮ হাজার ৭৮ কোটি ৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৯১৬ কোটি ৫০ লাখ টাকা। সুতরাং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রকল্পের বরাদ্দসহ এডিপি’র সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি ৬৭ লাখ টাকা।
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় প্রকল্প সংখ্যা এক হাজার ৬২৭টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৪১০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ১০২টি প্রকল্পসহ সংশোধিত এডিপি’র সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১৬২৭টি।
দশ মন্ত্রণালয়ের বরাদ্দ: স্থানীয় সরকার বিভাগে ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ২৯ হাজার ৮৯৬ কোটি ৫৮ লাখ টাকা, বিদ্যুৎ বিভাগে ২৫ হাজার ২৪৬ কোটি ৬৫ লাখ টাকা, রেলপথ মন্ত্রণালয়ে ১২ হাজার ৫৯৬ কোটি ৪৭ লাখ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ২৪৩ কোটি ২৭ লাখ টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১১ হাজার ৩৩২ কোটি ২৪ লাখ টাকা, স্বাস্থ্য সেবা বিভাগে ৯ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৭ হাজার ৭৮৪ কোটি ৬৮ লাখ টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ৭ হাজার ২১৮ কোটি ৩৩ লাখ টাকা এবং সেতু বিভাগে ৭ হাজার ৬৭ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
২০২১-২২ অর্থবছরের সংশোধিত এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত ছিল ৩০টি প্রকল্প। এর মধ্যে ২২টি প্রকল্প এবং ২০২২-২৩ অর্থবছরের এডিপি হতে বাদ পড়া ১৬টি প্রকল্পসহ ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত ৩৪৩টি (বিনিয়োগ প্রকল্প ২৮৬টি + কারিগরি সহায়তা প্রকল্প ৪৩টি + নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১৪টি) প্রকল্পের চাহিদা অনুযায়ী সকল বরাদ্দ প্রদান করা হয়েছে। যথাসময়ে প্রাপ্তির লক্ষ্যে প্রকল্পগুলো জুন ২০২৩ এর মধ্যে সমাপ্তির জন্য বলা হয়েছে। এসব প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, এনইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী জুন ২০২৩ এ সমাপ্তিতথ্য ৮টি প্রকল্প আগামী অর্থবছরেও অন্তর্ভুক্ত রাখা করা হয়। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে ৭৮টি পিপিপির প্রকল্পও যুক্ত করা হয়েছে।







