রংপুর বিভাগীয় প্রতিনিধি: দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেন, সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা আরও ভালোর দিকে যাবে। গতকাল রবিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। এ কারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা। সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রয় করছে। রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুর সভাপতি মাহবুব রহমান হাবু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুরের ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
রন







