রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার সময় এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক হামলার শিকার হয়েছে। গত ২৬ এপ্রিল বুধবার বিকালে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকগণ হলেন, এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানী, একেএম সুমন মিয়া,ক্যামেরপার্সন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম। গুরুতর আহত বাদশাহ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক বাদশাহ ওসমানী বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বুধবার বিকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টা চাষের সচিত্র প্রতিবেদনের তথ্য সংগ্রহে যান বাদশাহ ওসমানীসহ আরও চার সাংবাদিক। সেখান ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেছন দিক থেকে অতর্কিত হামলা করে। এসময় এলোপাতাড়িভাবে মারধর করার পাশাপাশি ব্যবহৃত ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে তা ছিনিয়ে নেয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাতেই লুলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবি জানান সাংবাদিক সংগঠনের নেতারা।








