রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম মুকুল ও সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ। ১৩নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য গাইবান্ধা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয় নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান মোজাহারুল ইসলাম মুকুল ও সচিব মিজানুর রহমানের সাথে আতাত করে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। বিধি মোতাবেক পরিষদের সদস্যগণের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠন করার বিধান রয়েছে। গঠিত কমিটির সিন্ধান্তের রেজুলেশন মোতাবেক যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। কিন্তু চেয়ারম্যান শুধু মাত্র এনজিও পরিচালিত চারটি স্টান্ডিং কমিটি গঠন করেছেন। মাতৃত্ব কালিন ভাতার তালিকা ইউপি সদস্যগণের রেজুলেশন ছাড়াই জমা দিয়েছে। সভার সিদ্ধান্ত ছাড়াই ইউনিয়ন পরিষদে নতুন উদ্যোক্তা নিয়োগ দিয়েছে। পরিষদের বিভিন্ন হাট বাজারের রাজস্ব চেয়ারম্যান একাই আত্নসাৎ করেছে। এছাড়াও বিভিন্ন উন্নয়ন সহায়তা তহবিল সচিবের মাধ্যমে ভূয়া রেজুলেশন দেখিয়ে উত্তোলন পূর্বক তা আত্নসাৎ করেছে। প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ মামুনুর রশিদ বলেন, চেয়ারম্যান ও সচিব মনগড়াভাবে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। যে কোন বরাদ্দ নামে মাত্র বিভাজন করে চেয়ারম্যান একাই তা বাস্তবায়ন করেন। তিনি ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা নিয়ে জনসাধারণকে মামলার আসামি করে আদালতে মামলার খরচ দেখিয়ে বিভিন্ন উৎসের টাকা আত্নসাৎ করছে। চেয়ারম্যান মোজাহারুল ইসলাম মুকুল ও সচিব মিজানুর রহমান অভিযোগসমুহ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ইউপি সদস্যগণ বেশি সুবিধা চায়। বেশি সুবিধা না দেয়ায় তারা অভিযোগ করেছেন। সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাসুদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।








