দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে উঠে গেল টাইগার যুবারা।
ওয়ানডে সংস্করণের এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ক্রিকেটে স্বল্প পরিচিত জাপান বাংলাদেশি বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে ৮০ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। বাকিদের মধ্যে দুই অঙ্কের দেখা পান শুধু কাজুমা কাতো স্টাফোর্ড (১৩) ও কিয়েফার লেক (১৭)।
বাংলাদেশের হয়ে সাতজন বল করে সবাই উইকেট পান। এর মধ্যে জোড়া উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি (৮.১-৩-৯-২) ও আরিফুল ইসলাম (৭-১১৫-২)। বাকি পাঁচ বোলার একটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে ওপেনিংয়েই ৭১ রানের জুটি গড়েন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। ওভারপ্রতি প্রায় ১০ হারে রান তোলেন তারা। এরপর জিশান (১৬ বলে ২৯) ফিরলেও তিনে নামা চৌধুরী মো. রিজওয়ানকে নিয়ে ১১ ওভার ২ বলেই ৯ উইকেটের সহজ জয় এনে দেন শিবলি। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।
এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট টাইগার যুবাদের। প্রথম ম্যাচে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। যদিও এখন আরব আমিরাতের বিপক্ষে শ্রীলংকারও দ্বিতীয় ম্যাচ চলছে। শ্রীলংকা ভালো ব্যবধানে জিতলে দুইয়ে নেমে যেতে হবে বাংলাদেশকে।








