দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এবারও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি থাকছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।
সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার জন্য নসরুল হামিদ ফোন পেয়েছেন। তাকে এবারও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। এবার স্বপদে বহাল থাকলে তিনি এই মন্ত্রণালয়ে রেকর্ড গড়বেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কেউ এই মন্ত্রণালয়ে এত লম্বা সময় দায়িত্ব পালন করেননি।
জানা গেছে, ২০০৮ সালে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে রেখে দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়টি। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে মন্ত্রী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার অধীনে প্রথম ৬ মাস প্রতিমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট শামসুল আলম টুকু। প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন করেন মোহাম্মদ এনামুল হক।
এই মন্ত্রণালয়ে কম সময় দায়িত্ব পালনের রেকর্ড রয়েছে ক্যাপ্টেন (অব.) নুরুল হকের দখলে। ১৯৮০ সালে মাত্র ৭ দিন দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালে ১১ দিন মন্ত্রীর দায়িত্বে ছিলেন অলি আহমদ বীরবিক্রম।








