বাংলাদেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আলী শিকদার ওরপে লিয়াকত আলী শিকদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী মাহমুদা আলী শিকদার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডির ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
এছাড়াও শেখ হাসিনা সরকারের মদদে গুম-খুনের ‘মাস্টারমাইন্ড’, ফোনকলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করায সিদ্ধহস্ত সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
সোমবার (১৯আগস্ট) পৃথক চিঠিতে সরকারি-বেসরকারি সব এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ)
একইসঙ্গে তার স্ত্রী-সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
এছাড়াও এদিন আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী (সর্বশেষ) ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
বিএফআইইউয়ের নির্দেশনায়, প্রত্যেক ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।







