রাজশাহী: মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দ্বিতীয় দফায় আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ডাবলু সরকারকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাঁদা নিক্ষেপ করেছে।
এদিন বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক মো. মাসুদুজ্জামান আবেদনের শুনানি শেষে তার আরও ৫ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান তার সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
এ দিন বিকাল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে আদালতে এ হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিকাল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতাকে ডাবলু সরকারকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাঁদা ছুঁড়ে মারতে দেখা যায়।
গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আবারো ৫ দিনের রিমান্ডে নেওয়া হলো।







