বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন কৃষকলীগের কার্যালয় ও সভাপতির বসতবাড়িতে হামলা করে নেতৃবৃন্দের ছবি ও জিনিসপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকলীগের ইউনিয়ন শাখার সভাপতি আমিরুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ জমা করে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আমিরুল ইসলামের ছেলে উপেন মণ্ডল স্থানীয় রতন ব্যাপারীর স্ত্রী রিমাকে নিয়ে নিরুদ্দেশ হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ সুজন, মান্নান, আসলাম ও রতনরা সংঘবদ্ধভাবে ইউনিয়ন কৃষকলীগ অফিসে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমপি মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ চেয়ারম্যানের ছবি সহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে।
পরে অফিসের পার্টিশনের দরজা ভেঙ্গে সভাপতির বসতঘরে ভাংচুর চালিয়ে ড্রয়ারে রক্ষিত প্রায় দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
সভাপতি আমিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে অভিযুক্ত ব্যক্তিরা কৃষকলীগের অফিস ও আমার বাসায় হামলা ভাংচুর ও টাকা চুরি করেছে। এদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলবে।








