গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২২হাজার টাকা জরিমানা ও সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুুল ফেরদৌস হ্যাপি সাময়িক ভাবে বন্ধ করে দেন ক্লিনিকটি।
জানা গেছে, গত রোববার পেটে ব্যাথা নিয়ে ১৩ বছরের এক মাদরাসা ছাত্রী জেনারেল ক্লিনিকে ভর্তি হন। সেখানে আলট্রাসনোগ্রাফি ও প্রস্রাব পরীক্ষার পর শিশুটি গর্ভবতী বলে ভুল রিপোর্ট প্রদান করেন। রিপোর্ট পাওয়ার পর পরিবারের লোকজনের মাথায় বাঁজ ভেঙে পড়ে। রাতে তারা অন্য আরও দু’টি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করে জানতে পারেন, তাদের মেয়ে গর্ভবর্তী নয়। জেনারেল ক্লিনিকের রিপোর্টটি ভুল। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবক ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারীর কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার ৫ সদস্যের একটি তদন্তটিম জেনারেল ক্লিনিকে সরজমিন তদন্ত করেন। ডাঃ রায়হান বারী জানান, আমি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে উর্দ্ধতন কতৃপক্ষ ব্যবস্থা নেবেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুুল ফেরদৌস হ্যাপি জানান, বিষয়টি আমি শুনেছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালোনা করা হয়েছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী ক্লিনিকে পর্যাপ্ত ডাক্তার, যন্ত্রপাতি ও জনবল না থাকায় জরিমানা ও সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
Views: 284
Related