আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পূর্ণ হয়ে যাবে। ৫ তারিখের আগেই যে তালিকা পাবেন, সেই তালিকা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলেও গণভোটের ব্যালট পেপার আলাদা ‘রঙিন’ হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রে পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যেকোনও কালি।”
তিনি আরও জানান, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ যেমন-নির্বাচন কমিশনের লোগো, ব্যালট বক্স, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্পপ্যাড পর্যাপ্ত পরিমাণে মজুত আছে।
তিনি বলেন, ‘শেষ স্টকও আমাদের দখলে আছে। আমরা ক্রমাগতভাবে এগুলো বিভিন্ন স্থানে পৌঁছে দেব, যাতে শেষ মুহূর্তে চাপ না পড়ে।’
ইসি সচিব জানান, “প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা পৃষ্ঠার ওপর কালো প্রিন্টে হয়। এবার গণভোটের জন্য রঙিন কাগজ ব্যবহার করা হবে। রঙিন কাগজের ওপর যেটা দৃশ্যমান হবে- কালো হলে সেই দৃশ্যমানতা অনুযায়ী ব্যালট তৈরি করা হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, এবার সাংবাদিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি।







