বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ৫শ মন ধানসহ ছিনতাই হওয়া ট্রাক দুপচাঁচিয়া থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭জন ডাকাতকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ধান ক্রেতা নিলফামারী জেলার রামগঞ্জ অভিজাত গ্রুপের প্রতিনিধি আফছারুল আফরোজ জানায় মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর বাজারে নজরুল ইসলামের নিকট থেকে ১২শ টাকা দরে ৫শ মন ধান ক্রয় করে। সেই ধান বোঝায় ট্রাক বৃহষ্পতিবার দিবাগত রাতে নওগাঁ-বদলগাছী হয়ে নিলফামারী যাওয়ার পথে বদলগাছী হর্টিকালচারের সামনে একটি চলন্ত ভুটভুটি ধান বোঝায় ট্রাকের সামনে বেরিকেট দেয়। আফরোজ ড্রাইভারের উদ্ধৃতি দিয়ে জানায় বেরিকেট দেওয়ার পর ডাকাতেরা কৌশল করে ড্রাইভারকে বলেন গাড়ি থেকে ধান পড়ে যাচ্ছে। ড্রাইভার বিশ্বাস করে নিচে নামলেই ডাকতেরা মারধরের চেষ্টা করে। এসময় ড্রাইভার প্রাণ ভয়ে মাঠের দিকে দৌড়ে পালায়। হেলপারকে নিচে নামিয়ে মারপিট করে ধান বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। তখন রাত সাড়ে ১১টা। ড্রাইভার রাসেল রাতেই বদলগাছী থানায় এসে একটি জিডি করেন এবং ছিনতাইয়ের বিষয়টি কোম্পানীর মালিককে অবগত করেন। ধান বহনকারী ট্রাকে ট্যাকিং ডিভাইজ লাগানো ছিল। মালিক জানার সংগে সংগে ট্যাকিং ডিভাইজের মাধ্যমে জানতে পারে ছিনতাই যাওয়া ট্রাক দুপচাঁচিয়া অবস্থান করছে। এসময় বিষয়টি দুপচাঁচিয়া থানায় অবগত করলে থানা পুলিশ তাৎক্ষণিক এসে ধানসহ ছিনতাই যাওয়া ট্রাকটি আটক করে ১জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীসহ উদ্ধার হওয়া ট্রাক, ধান বদলগাছী থানায় হস্তান্তর করে। বদলগাছী থানা পুলিশ দিন ব্যাপী অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান তদন্তের স্বার্থে এখন আসামীদের নাম বলা যাচ্ছে না। আগামীকাল শনিবার প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।








