মোহাম্মাদ সোহেল,টাংগাইল জেলা প্রতিনিধি;
শনিবার (১১মার্চ) রাতে কোনো এক সময় টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের মোহন গ্রামে চুরি করা গরু বাছুর সহ ৫ মাস পর ফেরত দিয়েছে চোর।গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত।রবিবার (১২ মার্চ) ভোরে তার বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার ২ মাস বয়সী বাছুর বেঁধে রাখা অবস্থায় দেখতে পান।
শাহজাহানের ছেলে সাব্বির জানায়, প্রায় পাঁচ মাস আগে শুক্রবার জুমা নামাজের সময় অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা গরুটি চুরি হয়ে যায়। সে সময় গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়েছিল।
গরুটি হারিয়ে গেলে গ্রামে গ্রামে খোঁজ করা হয়। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করেও গরুটির খোঁজ মেলেনি।পাঁচ মাস পর বাছুরসহ গরু পাওয়ায় অনেক আনন্দিত। আশপাশের লোকজন অবাক ও উচ্ছ্বসিত।
গরুর মালিক শাহজাহান জানান, গরুটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি।
এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, চুরি হওয়া গাভী গরুটি পাঁচ মাসপর বাছুরসহ ফেরত দেওয়া বিষয়টির ব্যাপারে অবগত নই। গরুর মালিক অভিযোগ করেছিল কি-না দেখতে হবে।






