রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ফয়সাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা। ৭ জুন বুধবার সকাল পৌনে ৯টার দিকে রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে ফয়সাল হোসেনকে আটক করা হয়। বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো কোমরে বেঁধে রেখেছিলেন। আটককৃত ফয়সাল হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল বলেন, রংপুর থেকে ঢাকায় ইয়াবার চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলী পরিবহনে ফয়সাল হোসেন নামের এক যাত্রীর কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়। ওই ব্যক্তির পরিহিত প্যান্টের বেল্টের নিচে বিশেষ কায়দায় স্কচটেপে স্বর্ণগুলো মোড়ানো ছিল। ফয়সাল হোসেন স্বর্ণের বারগুলো নিয়ে ঢাকা থেকে রংপুর এসেছেন। ফয়সাল হোসেনকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।







