মাহমুদুল হাসান রামগড়, (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলার দক্ষিণ গর্জনতলী গ্রামের কৃতি সন্তান এহসানুল বারী ফারহান রাশিয়ার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মস্কো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (Moscow Power Engineering Institute)-এ স্কলারশিপ অর্জন করেছেন।
ফারহান মাওলানা মোঃ এমদাদুর রহমান ও আলেমা হাছিনা আক্তার-এর সন্তান। তাঁর জন্ম ১৭ সেপ্টেম্বর ২০০৫ সালে। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছেন।
সম্প্রতি তিনি রাশিয়ার মস্কো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে অধ্যয়নের জন্য স্কলারশিপ লাভ করেন। এ শিক্ষাক্রমের মেয়াদ মোট ৫ বছর, যার মধ্যে ১ বছর প্রস্তুতিমূলক (ফাউন্ডেশন) কোর্স এবং পরবর্তী ৪ বছর অনার্স অধ্যয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
ফারহানের এই অর্জনে তাঁর পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং রামগড়বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল মনে করছেন, তাঁর এ সাফল্য রামগড়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এহসানুল বারী ফারহান। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এলাকাবাসী।






