আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি।।
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কয়েকটি ইউনিয়নে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের এবং সঞ্চালনা করেন মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ। এ আদর্শকে ধারণ করেই জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের সেবা কোনো অনুগ্রহ নয়; এটি প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় সরকার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান, রহমতপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হালিম, আজিমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলা, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, হরিশপুর ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মনির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির শেষে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।








