আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আরিফুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) এইচএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন, জুলাই যোদ্ধা উপজেলার তিলনা বাজার এলাকার রুবেলের পিতা রইছ উদ্দীন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।সভায় উপস্থিত অতিথিরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









