গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলাদেশে রেল যোগাযোগ উন্নত করার ব্যবস্থা করেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে উত্তরবঙ্গে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেসকল রেললাইন বন্ধ ছিলো শাহজাদপুর বাগেরহাট, হবিগঞ্জ, বেনাপোল, পেট্রাপোল, দর্শনা গেট, রহনপুর, সিঙ্গাবাদ, বিরল, ভাটিকাপুর, চিলাহাটি হলদিবাড়ি রুট সমস্ত কিছু বন্ধ ছিলো আবার নতুন করে চালু করি। তাছাড়া রহনপুর, সিঙ্গাবাদ, বিরল, ভাটিকাপুর, নেপাল ট্রানজিট ও চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে বাঁশিতে ফু দিয়ে সবুজ পতাকা দেখিয়ে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে দিবা কালীন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনকালে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, চিলমারী বন্দর পর্যন্ত রেল চলাচল সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি। বহু আকাংখিত কক্সবাজার পর্যন্ত রেললাইন তৈরী করে দিচ্ছি। বরিশালে রেল যোগাযোগের পরিকল্পনা রয়েছে। আঞ্চলিক বানিজ্য বৃদ্ধির লক্ষে নতুন করে বেশকিছু ট্রানজিট চালু করার কাজ চলছে। আমাদের যেহেতু মিটার গেজ, ব্রডগেজ দু’ধরণের রেললাইন রয়েছে। সেহেতু দু’ধরণেরই ট্রেন চলবে। এজন্য ডুয়েল গেজ রেললাইন বসানো হচ্ছে।
এ ছাড়াও রেলপথ, সড়কপথ, নৌপথ সবকিছুর উন্নয়ন করার ব্যবস্থা আমরা নিয়েছি। বিমান বন্দরগুলো আমরা উন্নত করেছি। চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দরকে আন্তর্জাতিক এবং সৈয়দপুর বিমান বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন “চিলাহাটি এক্সপ্রেস” নামে নতুন আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে গনভবন প্রান্ত থেকে স্বাগত বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির। চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রান্তে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, মহিলা সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলিম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি মোহাম্মদ আলিম মাহমুদ, রেলওয়ে ডিজি কামরুল আহসান, রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জিএম অসীম কুমার তালুকদার, সিএমই কুদরতি খুদা, জেডিজি তাবাসসুম হোসেন, রেলওয়ের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী জেলা প্রশাসক পংকজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও পূবন আখতার, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমিসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। দিবাকালীন আন্তঃনগর ট্রেনটিকে বিভিন্ন রংয়ের ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে ১১ টি বগি ও একটি ইঞ্জিন নিয়ে পার্বতীপুর রেলস্টেশন পর্যন্ত ট্রাইলের জন্য নিয়ে যান ট্রেন পরিচালক সাদেকুল মোরছালিন দুলাল। আগামী ৭ই জুন সকাল থেকে সপ্তাহের শনিবার বাদে চিলাহাটি-ঢাকা রুটে ট্রেনটি নিয়মিত চলাচল করবে। চিলাহাটি এক্সপ্রেস নামে ডাউন ৮০৬ ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল ৬টায় এবং ৮০৫ আপ হয়ে ঢাকা থেকে ছাড়বে বিকেল ৩টায়। ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকা চলাচল করলেও মাঝখানে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
Views: 348
Related