গোপালগঞ্জ : কারফিউর মধ্যে গোপালগঞ্জ থেকে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মির মো. সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত ৪৫ জন আটক আছেন। তাদের থানায় রাখা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছিল। অন্য ২০ জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
ওসি আরও বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হবে।
এদিকে পাঁচজন নিহত ও সংঘর্ষের ঘটনায় এখনও মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।







