ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজন বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ আমাদের জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন। এর আগে এমন ঘটনা ঘটেছে কি না সেটা আমাদের জানা নেই। এ ঘটনায় আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এ দুর্ঘটনা কেন ঘটলো তা তদন্ত করে বের করা হবে।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।







