মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজীশ্বরাই তার গ্রামের বাড়ির পাশে মস্তাননগর এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে এসে গুলি ছুঁড়ে চলে যায়। এসময় রাজিব অমল বাবু নামে এক ব্যক্তির মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলি অমলের পায়েও লাগে এবং রাজিবের কোমরের দুই পাশে দুইটি গুলি লাগে। তাদের স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজিবের প্রতিবেশী মোহাম্মদ সাঈদ বলেন, ‘শনিবার রাত প্রায় ১ টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুল্যান্সযোগে অনির্বাণ চৌধুরী রাজিবকে আমি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে কি কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো কিছু অনুমান করতে পারছি না।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে দুইটি গুলি লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল তুহিন বলেন, ‘রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন করে একটি বুলেট বের করা হয়েছে। কয়েকদিন আরেকটা অপারেশন করে বাকি বুলেট বের করা হবে। তিনি এখন আশংকামুক্ত। আমি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে বলেন, ‘মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনির্বান চৌধুরী রাজিবের উপর শনিবার রাতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরি সাথে সনাতনী সমাজকে ধৈর্য্য সহকারে পরিস্থিতি অনুধাবন করার অনুরোধ করছি। এই ঘটনায় মিরসরাই উপজেলা প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে। কোন অপশক্তি এই ঘটনাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান করছি। অনির্বাণ চৌধুরী রাজিবের সুস্থতা কামনায় আগামীকাল (সোমবার) বিকাল ৩ টার সময় মিঠাছড়া মহামায়া মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।’
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। যে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে সেই মোটরসাইকেল ও আসামি শনাক্ত করার কাজ চলছে।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







