সম্প্রতি জাতীয় পার্টির নামে কিছু বহিষ্কৃত ব্যক্তি ও বহিরাগতদের উদ্যোগে যে তথাকথিত ‘১০ম জাতীয় কাউন্সিল’ অনুষ্ঠিত হয়েছে, তা দলীয় গঠনতন্ত্র, নির্বাচন কমিশনের বিধি এবং প্রচলিত আইন—সব কিছুরই লঙ্ঘন। এটি শুধু বেআইনি নয়, বরং একটি দায়িত্বজ্ঞানহীন, বিভ্রান্তিকর ও প্রতারণামূলক রাজনৈতিক পদক্ষেপ।
জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী (ধারা ৩৯), জাতীয় কাউন্সিল আহ্বানের একমাত্র সাংগঠনিক ক্ষমতা পার্টির চেয়ারম্যানের হাতে। এই সিদ্ধান্তে সহযোগিতা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কোনো ব্যক্তি, যারা চেয়ারম্যান নন এবং যাদের ওপর গঠনতন্ত্র অনুসারে দায়িত্ব নেই—তারা এ ধরনের কাউন্সিল আহ্বান করতে পারেন না। বরং তা হবে গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।
অথচ তথাকথিত এই ‘কাউন্সিল’ আহ্বান করা হয়েছে পার্টির বর্তমান বৈধ চেয়ারম্যান জিএম কাদেরকে বাদ দিয়ে, যেটি পুরোপুরি অবৈধ এবং অগঠনতান্ত্রিক।
যারা এই ‘কাউন্সিল’ আহ্বানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের অধিকাংশই জাতীয় পার্টি থেকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত। গঠনতন্ত্রের ধারা ৫৩ অনুযায়ী, বহিষ্কৃত সদস্যরা পার্টির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। তারা দলীয় নাম, প্রতীক বা প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউন্সিল ডাকলে তা শুধুই বিভ্রান্তিকর এবং প্রতারণার শামিল।
জাতীয় পার্টির নিবন্ধিত ও বৈধ চেয়ারম্যান হিসেবে নির্বাচন কমিশনের নথিপত্রে যিনি আছেন, তিনি হচ্ছেন জনাব জিএম কাদের। প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ. এম. এরশাদ জীবদ্দশায় তাকে উত্তরসূরি ঘোষণা করেন এবং গঠনতন্ত্র সংশোধন করেই এ সিদ্ধান্ত কার্যকর হয়। কমিশনের স্বীকৃতিও রয়েছে সেই নেতৃত্বে।
এ অবস্থায় কাউন্সিল আয়োজন বা নতুন নেতৃত্বের ঘোষণা একটি নির্জলা রাজনৈতিক নাটক, যার কোনো আইনগত ভিত্তি নেই।
একটি নিবন্ধিত রাজনৈতিক দলের ভিতরে এই ধরনের অনধিকার চর্চা শুধু শৃঙ্খলা নষ্ট করে না, দলীয় ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে যখন বহিষ্কৃত, অসন্তুষ্ট ও বহিরাগতরা মিলে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন তা জাতীয় রাজনীতিতেও নেতিবাচক বার্তা দেয়।
জাতীয় পার্টি বর্তমানে কঠিন সময় পার করছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন ঐক্য, সংযম ও গঠনতান্ত্রিক শৃঙ্খলা।
তথাকথিত ‘১০ম জাতীয় কাউন্সিল’ জাতীয় পার্টির কোনো স্বীকৃত বা বৈধ আয়োজন নয়। এটি গঠনতন্ত্রের লঙ্ঘন, বহিষ্কৃতদের প্রতারণামূলক নাটক এবং নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন আইন পরিপন্থী।
সকল প্রকৃত নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও জাতীয় রাজনীতির শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের উচিত—এই ধরনের বিভ্রান্তিমূলক অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলীয় ঐক্য রক্ষা করা।
—
লেখক:
মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন
সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি
সহসভাপতি, সাবেক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি
সভাপতি, সাবেক জাতীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ
প্রচার সম্পাদক, সাবেক জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ
Views: 317
Related