ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, জামায়াত নেতা সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে। পরে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি হুমকি দেন। এর প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষে অবস্থান নিয়ে ওসি হুমকি দেন। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা রুজু করা, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক বিনিময়ে সুবিধা দেয়াসহ নানা অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা অনতিবিলম্বে ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবি জানান।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, দু্ই দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার কাছে সুবিধা না পেয়ে স্থানীয়দের নিয়ে মব সৃষ্টি করে আগুন লাগানো এবং তার বাড়িতে ভাংচুর করার পরিকল্পনা করেছিলো। আমি সেটা নিয়ে হিল্লোলকে বলেছিলাম মব সৃষ্টি করে কোনো সমস্যা হলে এর দায় আপনাকে নিতে হবে। পরে থানা থেকে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে যায়। এটাকে তিনি হুমকি হিসেবে প্রচার করে লোকজন নিয়ে আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।








