মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। ২৫ নভেম্বর-২০২৫ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এবং র্যাব ১৩ ব্যাটালিয়ন দিনাজপুর এর সমন্বিত উদ্যোগে বিরামপুর উপজেলার মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও ৯২৩ কেজি পিপি দানা জব্দ করা হয় এবং ১ টি মামলায় ২৫,০০০/- টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
সবশেষে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ, র্যাব ১৩ ব্যাটালিয়ন, দিনাজপুর এর সদস্য, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী সহ দপ্তরের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মির্জাপুর গ্রামের নিজ জায়গায় গোডাউন তৈরি করে মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন করে আসছিলেন মোহাম্মদ আসাদুল ইসলাম।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।








