নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা শোভারাণী পেলেন হুইল চেয়ার। শ্রমিক পরিবারের এই গৃহবধু অর্থের অভাবে কিনতে পারছিলেন না একটি হুইল চেয়ার। মানবতার ফেরিওয়ালা হয়ে শোভারাণীর পাশে দাড়ালেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল। হুইল চেয়ারটি পেয়ে এখন স্বপ্ন বুনছেন শোভারাণী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের রায়সাহেব বাড়ী এলাকার বাসিন্দা বীরেন চৌয়ান এর পঙ্গুত্ব বরণ করা সহধর্মিনী শোভারাণীর নিকট একটি হুইল চেয়ার তুলে দেন মানবতার ফেরিওয়ালা বিএনপি নেতা মহিউদ্দিন বকুল। এসময় হুইল চেয়ারটি পেয়ে ভীষণ খুশি শোভারানী, তার পরিবার ও প্রতিবেশী।
শোভারানী আনন্দে উদ্বেলিত হয়ে বলেন, আমি একটি হুইল চেয়ারের জন্য চলতে পারছিলাম না। কেনার সামর্থ্যও ছিলনা। স্বামীর হিমশিম হয় সংসার চালাতে। কিন্তু বকুল ভাই সেটা পুরণ করেছেন। “ঈশ^র তাঁর (মহিউদ্দিন বকুল) ভালো করুন, মনের আশা পূরণ করুন” বললেন পঙ্গুত্ব বরণ করা শোভারানী।
শোভারাণী তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন। অনেক চিকিৎসার পরও তিনি হাটা—চলা করতে পারেননি। বরণ করতে হয় পঙ্গুত্ব। স্বামী বীরেণ চৌয়ান শ্রমিকের কাজ করে কোনোরকম সংসার চালান। তার চিকিৎসায় অনেক টাকা ব্যয় হওয়ায় অর্থের অভাবে একটি হুইল চেয়ারও কিনতে পারেননি।
দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল বিষয়টি জানতে পেরে ৮ ঘণ্টার মধ্যে একটি হুইল চেয়ার কিনে নিয়ে হাজির হোন পঙ্গুত্ব বরণ করা শোভারাণীর বাসায়। নিজ হাতে হুইল চেয়ারটি তুলে দেন তিনি।
মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে বিএনপি’র নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করব অর্থ দিয়ে হোক আর পরিশ্রম দিয়ে হোক, ভবিষ্যতে শুধু শোভারানী নয়, হাজারো শোভারানী এই দিনাজপুর পৌর শহরে অসহায়ত্ব দিনযাপন করছেন। আমি যতটুকু পারি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বলে জানান তিনি।








