স্টাফ রিপোর্টার \ দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মহল্লা পাটুয়াপাড়া—এনায়েতপুর এলাকার সচেতন এলাকাবাসীর আয়োজনে ধুমপান ও মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন মহল্লা গড়তে পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর রোববার ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ রফিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা বলেন, পাটুয়াপাড়া—এনায়েতপুর মহল্লা পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের মত অভিভাবকদের সচেতন হতে হবে। আমার বিশ্বাস সকলের সহযোগিতায় আমরা এ্যাকশন প্লানের মাধ্যমে এলাকা থেকে মাদক, ধুমপান, মাদকের কেনা—বেচা প্রতিরোধ করতে সক্ষম হব। সম্মানীত অতিথি হিসেবে দিনাজপুর কোতয়ালী থানার এসআই (নিঃ) মোঃ সাদাকাত হোসেন বলেন, মাদক সহ অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে মহল্লা’র অভিভাবকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে একটি প্রশংসনীয় ব্যাপার। এ ধরনের উদ্যোগ প্রতিটি মহল্লায় মহল্লায় যদি হয় তাহলে দিনাজপুর জেলাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত একটি জেলা হিসেবে আগামী প্রজন্মকে উপহার দিতে পারব। আপনার সাথে সবসময় পুলিশ—প্রশাসন থাকবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, সাংবাদিক, গবেষক আজহারুল আজাদ জুয়েল, মিজানুর রহমান মিজান, প্রফেসর নুর—এ—আলম সিদ্দিক রনী, মুতুর্জা হাসান স্বর্ণ, মোঃ শাহজাহান, ওলিউর রহমান হিমু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অন্তরঙ্গ সংস্থার সাধারন সম্পাদক এম.এম.এইচ কাদির। সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ্য ধুমপান, মাদক সেবন ও বিক্রি, বহিরাগতদের আগমনের উপর লক্ষ্য রাখা, এলাকায় সন্দেহভাজন আড্ডা, উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, অশ্লিল ভাষায় ঝগড়া—দন্দ সহ ইভটিজিং কে জিরো টোলারেন্স হিসেবে ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








