মোঃ আব্দুল আজিম, দিনাজপুর \ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ক্যাশ মেমো ব্যবহার না করে সাদা কাগজে সার বিক্রি ও ডিলার পয়েন্টে সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার প্রস্তুতের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জন সার ব্যবসায়ীকে জরিমানা করেছে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
৮ ডিসেম্বর সোমবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার সার ডিলার মেসার্স আবুল কালাম আজাদ (প্রোঃ আবুল কালাম আজাদ)—কে ক্যাশ মেমো ব্যবহার না করে সাদা কাগজে সার বিক্রি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অপর এক ডিলার মেসার্স আব্দুস সালাম মিন্টু (প্রোঃ আব্দুস সালাম মিন্টু) তার নিজ পয়েন্টে সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার প্রস্তুতের অভিযোগে ডিলার মিন্টু কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা এবং সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানের সাথে কথা হলে তিনি জানান, এলাকার প্রান্তিক কৃষকদের নামের ভুয়া তালিকা করে সার বিক্রি করায় করা এবং ক্যাশ মেমো ব্যবহার না করে সাদা কাগজে ভাউচার করে সার বিক্রির অপরাধে তাদেরকে অর্থদন্ড করা হয়েছে। আমরা সকল তথ্য প্রমাণ সংগ্রহ করেছি যা উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে জেলা সার ব্যবস্থাপনা কমিটিতে প্রেরণ করা হবে।








