নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক–এর স্ত্রী কানিজ ফাতেমা (৭৩)–এর জানাজা বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় শিবপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে সাড়ে ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি ফয়জুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় কানিজ ফাতেমা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ যোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাড়ির সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার বাসা থেকে সেনবাগের গ্রামের বাড়িতে পৌঁছায়। লাশ আসার আগেই শত শত নারী-পুরুষ সেখানে ভিড় জমান।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামে এমপি ভিলা সংলগ্ন শিবপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পড়ান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী।
কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাজা শেষে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম এবং সেনবাগ থানা পুলিশের পক্ষে ওসি আবুল বাশার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।






