মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া উচ্চ মাধ্যমিকের একদল শিক্ষার্থী কলেজ গেটে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার মিরসরাই কলেজে এই ঘটনা ঘটে।
কলেজটির শিক্ষক ও কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণ করা হচ্ছে। তাদের মধ্যে যাদের ফলাফল খারাপ ও কলেজে অনিয়মিত তাদের এবার পরীক্ষা দিতে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে পরীক্ষা দেওয়ার সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা রবিবার দুপুরে কলেজে এসে হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা শিক্ষকদের সাথে উচ্চবাচ্যের পর কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তাসহ কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা আটকা পড়েন। পরে নামাজ পড়তে এসে আটকা পড়া মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে ফটকের তালা ভেঙে ফেলে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন জাহিদুল ইসলাম বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে শিক্ষকরা ন্যায় বিচার করছেন না। তারা তিন চার বিষয়ে ফেল করেছে এমন অনেক শিক্ষার্থীকেও ফরম পূরণ করতে দিয়েছেন। পরীক্ষায় খারাপ ফলাফল করেও রাজনৈতিক বিবেচনায় কেউ কেউ পার পেয়ে যাচ্ছেন। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে শিক্ষকরা আমাদের গুন্ডা, মাস্তান আখ্যা দিয়ে গায়ে হাত তুলেছেন। আমরা সবার সমান অধিকার ও সুবিচার চাই।’
নুসরাত জাহান প্রেমা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রতি স্যাররা অন্যায় করছেন। আমরা অনেকে ২-৩ বিষয়ে ফেল করেছি। কিন্তু আমাদের ফলাফল দেখতে দেওয়া হচ্ছে না। এখন আমাদের দাবি একটাই এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি আমাদের সবাইকে পাশ করিয়ে দিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘গেলো বছরেও আমাদের উপর নানা রকম চাপ প্রয়োগ করে অকৃতকার্য শিক্ষার্থীদের অনেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে নিয়েছেন। এতে কলেজের ফলাফল খুব খারাপ হয়েছে। এবার আমরা যে সমস্ত শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফলাফল খারাপ করেছে একই সাথে কলেজে অনিয়মিত ও পড়াশোনায় অমনযোগী তাদের পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাস মব তৈরি করে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছিল। পরে ক্যাম্পাসের ভেতরে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা তালা ভেঙে দিয়েছে। ক্যাম্পাসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে আগামীকাল সব শিক্ষক ও কলেজ পরিচালনা কমিটির সদস্যদের সাথে নিয়ে করণীয় নির্ধারণ করবো আমরা।’
রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কিছু শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এটা মোটেও সত্য নয়। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে যারা নির্দিষ্ট নম্বর পেয়েছে তাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। কারণ বোর্ড পরীক্ষায় এই দুই বিষয়ে বেশী ফেল করে শিক্ষার্থীরা।’
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ‘মিরসরাই কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের সাথে হট্টগোল করে কলেজ ফটকে তালা লাগিয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








