নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। একই সময় মরদেহের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে যায় পিবিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মেম্বার ডাইং সংলগ্ন ক্যানেলে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির পৃথক দুটি দল যায়। তারা প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তবে মরদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।







