মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই রড আনলোড করার সময় তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতাররা হলেন শেখ ফরহাদ (৪২), জাহিদুল ইসলাম (৩৫) ও লরি চালক আবুল হাসেম রয়েল (৩০)। এদের মধ্যে শেখ ফরহাদ বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এসময় তাদের কাছ থেকে সাতটি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া ৩১ টন রড বিক্রয়ের জন্য আনলোড করার সময় শেখ ফরহাদ ও জাহিদুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া ৭ বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একইসাথে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়। পরবর্তীতে লরি চালক আবুল হাসেমকে বিএসআরএম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।







