মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পরিবহনের দায়ে এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি ট্রাক জব্দ এবং একটি এক্সেভেটর বিকল করা হয়। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোডের পূর্বপাশের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মধ্যম তালবাড়িয়া এলাকার মোহাম্মদ সোহেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ অনুযায়ী জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে কাটা মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ এবং ঘটনাস্থলে থাকা একটি এক্সেভেটর অকার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্যম তালবাড়িয়া এলাকার সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কেটে পরিবহন করায় দু’টি ট্রাক জব্দ ও একটি এক্সেভেটর অকার্যকর করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’








