বরিশাল প্রতিনিধি :
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক স্থানীয় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার ( ১১ এপ্রিল) বিকালে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলম কমিশনারের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বাইজিদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্য সংগ্রহ করে জানতে পারে যে, স্থানীয় ডিলার মোঃ শামসুল আলম শিমু তার নির্ধারিত লাইসেন্সের বাইরে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখছেন।
তদন্তে জানা যায়, তার অনুমতিপত্র অনুযায়ী সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদের অনুমতি থাকলেও তিনি প্রায় ২০০০ থেকে ২৫০০টি গ্যাস ভর্তি সিলিন্ডার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন।
অভিযোগ অনুযায়ী, এসব সিলিন্ডার তিনি বানারীপাড়া উপজেলা সদরস্থ বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন নিজ দোকান বৈশাখী প্লাস থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতেন।
অভিযান চলাকালে তার নিজ বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মজুদের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারা অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে অভিযুক্ত ডিলারের কাছ থেকে ১হাজার টাকার মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে তাকে নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুদ ও নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রশাসন, বানারীপাড়া থানা পুলিশ এবং বরিশাল জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মজুদ, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#






