মিরসরাইয়ে দিঘী থেকে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।
স্থানীয় বাসিন্দা রণি নাথ বলেন, বুধবার দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান জাহেদ হোসেন হৃদয়। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে হৃদয় দিঘীতে পড়ে যান। পরে স্বজনরা এসে উদ্ধার করে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফিয়া। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরিক্ষা নিরিক্ষার শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই হৃদয়ের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।







