মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের হেলথকেয়ার লাইফ সাইন্স লিমিটেডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী ইসমাইল হোসেন (৩০), জাহাঙ্গীর (২৫) ও সুলতান (২৬)। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কৌশলে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে তৎপরতা চালায়। এসময় তারা বাঁধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়। তিনজন নিরাপত্তা কর্মীকে ঘেরাও করার চেষ্টা করলে তাদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্যান্য নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় আতঙ্কিত হয় পড়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।
হেলথকেয়ার লাইফ সাইন্স লিমিটেডের হেড অব এডমিন ভূঁইয়া আবু মো. সাদাত জানান, ৫-৬ জনের একটি সংঘবদ্ধ চোরের দল চুরির উদ্দেশ্য আমাদের প্রজেক্টে প্রবেশ করে। এক পর্যায়ে আমাদের ডিউটিরত নিরাপত্তা কর্মীদের মারধরের চেষ্টা করা হলে তাদের আত্মচিৎকারে অন্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে তারা জোরারগঞ্জ থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন। আমরা জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, হেলথকেয়ারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।







