মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাড়ে ৩ হাজার কৃষককে এই সহায়তা প্রদান করা হয়। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বীজ ও সার পেয়ে তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছেন এবং ভালো ফলনের আশা করছেন।
উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানী, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন তৌহিদ। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে সার ও বীজের প্যাকেট তুলে দেন অতিথিরা।







