জীবন আচার্য্য- ( যশোর) :
মানবিক সহায়তা যখন কেবল অনুদানে সীমাবদ্ধ না থেকে হয়ে ওঠে স্বাবলম্বিতার শক্ত ভিত—তখনই জন্ম নেয় পরিবর্তনের নতুন গল্প। তেমনই এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে কানাডাভিত্তিক তাবাসসুম ফাউন্ডেশন। সংস্থাটির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় যশোরের বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে উদ্বোধন করা হয়েছে “বন্ধু স্টোর-২”, যা একটি অসহায় পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য নিয়ে গত ১৪ এপ্রিল ২০২৬ থেকে দোকান নির্মাণ কাজ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে আজ উদ্বোধন করা হয় দোকানটি। উদ্বোধনের সময় এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রফিকুল ইসলামের চোখে তখন নতুন জীবনের আশার আলো স্পষ্ট।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহমুদুল আক্তার এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারকে স্বাবলম্বী করে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তাবাসসুম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. মাসুম হোসেন বলেন, “আমাদের লক্ষ্য—দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়া। ‘বন্ধু স্টোর-২’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ছোট কিন্তু অর্থবহ পদক্ষেপ। ভবিষ্যতেও আমরা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো।”







