গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের পায়তারা করার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
জানা গেছে, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রামাণিক পাড়া গ্রামের মৃত আবতাব উদ্দিন প্রামাণিক ৯একর ২২ শতাংশ জমি রেখে মৃত্যুবরণ করিলে তার ৩ছেলে যথাক্রমে ইসমাইল প্রামাণিক, ময়নুদ্দিন প্রামাণিক ও ইব্রাহিম প্রামাণিক মালিকানা লাভ করেন। ওয়ারিশদের মধ্যে বিভেদ নিরসন করতে ইব্রাহিম প্রামাণিকের দুই ছেলে হেলাল উদ্দিন ও রবিউল ইসলাম সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার দাবীতে একটি মামলা করেন। মামলা নং- অন্য ৪৬/২০১৫। মামলাটি ৩বছর ধরে চলার পর ২০১৮সালে চুড়ান্ত আদেশ দেন। আদেশে মোট ৩৭টি দাগে ৯একর ২২শতাংশ জমির মধ্যে ইব্রাহিম প্রামাণিকের অংশ ৩একর ৭শতাংশ জমি ইব্রাহিম প্রামাণিকের ওয়ারিশদের পক্ষে ডিগ্রি দেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে ঢোল পিটিয়ে ইব্রাহিম প্রামাণিকের ওয়ারিশদের মাঝে জমির দখল বুঝিয়ে দেয়া হয়। তখন থেকে সকল ওয়ারিশ শান্তিপূর্ণ বসবাস করে আসছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর মমিনুল হকের ছেলে রাজিব ইসলাম ও রিদয় ইসলাম মামলাটির উচ্চ আদালতে আপিল করেন। আপীল মামলা নং ৯৪/২০২৫। আপীল মামলা চলাকালীন অবস্থায় রাজিব ইসলাম ও রিদয় ইসলাম তার লোকজন দিয়ে হেলাল উদ্দিন ও রবিউল ইসলামের জমিনের ধান ও ভুট্টা কেটে নিয়ে যায়। বর্তমানে আবারও জমিতে হালচাষ করার পায়তারা করছে রাজিব ইসলাম ও রিদয় ইসলাম। এ বিষয়ে হেলাল উদ্দিন জানান, তারা সংখ্যায় বেশি হওয়ায় ভাড়াটিয়া লোকজন দিয়ে আমার জমিনের ধান, ভুট্টা, পুকুরের মাছ ও সুপারি বাগানের সুপারি লুট করে নিয়ে যায়। বর্তমানে জমিগুলোতে হালচাষ করবে মর্মে ঘোষণা দেন। আমাকে পুকুর, সুপারি বাগান এবং জমিতে না যাওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন রাজিব ইসলাম। এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেয়া আছে।
এ ঘটনায় দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে মর্মে আশংকা করছেন এলাকাবাসী। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু দু-পক্ষকে বিরোধীও জমিতে নামতে নিষেধ করেছেন। ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মেম্বার জানান, তাদের পৈত্রিক সম্পত্তির হিস্যা অনুযায়ী তারা জমি পাবেন। এটা কেউ আটকাতে পারবে না। এ নিয়ে এলাকায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আমাদের চেয়ারম্যান সাহেব উভয় পক্ষকে জমিতে নামতে নিষেধ করেছেন।









