সমলিঙ্গের বিয়েতে সভ্যতা ধসে যায়,
বিউটি পালের শাড়ির আঁচলে চুরমার হয় মৌলবাদী স্বপ্ন,
আজহারুলের সহজ কথা, ‘আমি আগে মানুষ’,
তাতেও পিলে চমকে যায়।
কথায় কথায় ওদের জাত যায়।
ধর্ম যায়।
তারপর প্লাবন এলে ওদের লাশ
এক নদীতে ভেসে যায়;
না কবর পায়,
না আগুন পায়।
একই বাতাসে ওরা শ্বাস নিত।
কখনো জানতে চায়নি,
ওষুধটা কে বানিয়েছে:
খ্রিস্টান, যবন নাকি মালু!
একই কামনায় জীবনভর দৌড়াল।
শক্তি ফুরালে
একই মাটিতে লুটাল।
একই রক্ত,
একই জল,
একই আর্তনাদ,
ভিন্ন ভিন্ন ছল।
ক্ষুধার কোনো ধর্ম হয় না, কৈশোরী,
ধর্ম হয় অন্নের।
স্বর্গের ক্ষুধা একই,
জান্নাত ভিন্ন ভিন্ন তাদের।
একসাথেই তো ছিল তারা
মরণের আগে,
সব দুর্যোগে কিংবা সঙ্গমে।
কেবল মরার পরে
তারা গেল বিবিধ রকম স্বর্গে।
আসলে ওরা সব
আলিফ, লাম, বাম, ডান
এক নরকে খাবি খায়।
আর ফেসবুকে এসে বাতাসা বিলায়—
মানবতার মাহফিলে।
~ মানুষ কবিতা, ২৯ জুলাই, ২০২৬
~ সাখাওয়াত হোসেন









