আগামী ১৮ মার্চ ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের ড. এ কে আব্দুল মোমেন বলেন, জি-২০ বৈঠকে যোগদানকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সীমান্ত হত্যা নিয়ে আপনারা যে অঙ্গীকার করেছেন, সেটা রাখেন।
তিনি বলেন, ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে রেললাইনসহ যেসব নির্মাণ স্থাপনা তৈরিতে দেশটি আপত্তি জানিয়েছিল, তারা সেটা তুলে নিয়েছেন। এখন আমাদের কাজগুলো সুচারু হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিত্যপণ্য রপ্তানিতে তারা (ভারত) যেন হঠাৎ করে বন্ধ না করে দেয়, সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।








