রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় বিস্কুটের লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনের নামে থানায় মামলা করা হয়েছে। শিশুটির পিতা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন,গত সোমবার বিকালে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। অভিযুক্তরা হলেন ফুলছড়ি উপজেলার সৈয়দপুরঘাট গ্রামের হেলাল খন্দকারের ছেলে আকাশ মিয়া (১৪) ও মনি মিয়া (২২) এবং সদর উপজেলার দক্ষিণ গিদারি গ্রামের তারা খন্দকারের ছেলে মশিউর খন্দকার। মামলা সূত্রে জানা যায়, আকাশ মিয়া ও মশিউর খন্দকার ওই শিশুটিকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত। গত ১৩ মার্চ সোমবার বিকালে শিশুটি বাড়িতে খেলা করছিল। সুযোগ বুঝে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন একটি ভুট্টা ক্ষেতে নিয়ে তারা ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে তারা ওই শিশুর মুখ চেপে ধরে। শিশুটির গোঙানির শব্দে এলাকাবাসী এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশুটির পিতা বলেন, এ ঘটনা কাউকে না জানানোর জন্য আকাশ মিয়ার ভাই মনি মিয়া মারপিট ও দেখে নেয়ার হুমকি দিচ্ছে। তারা এলাকায় খুব প্রভাবশালী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এস,এম শাহাদৎ হোসাইন








