গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে ৯৭জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার জমিসহ ঘর হস্তান্তর উপলক্ষে সকাল থেকে ডোমার উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালী প্রধানমন্ত্রীর অনুষ্ঠান প্রদর্শন ও হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন শেষে ডোমার উপজেলায় ৯৭জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এরমধ্যে বামুনিয়া ইউনিয়নে ২৩জন, বোড়াগাড়ী ইউনিয়নে ২৩জন, পাঙ্গা মটুকপুর ইউনিয়নে ২৫জন, ভোগডাবুড়ী ইউনিয়নে ১৮জন এবং সোনারায় ইউনিয়নে ৮জন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে পাকা ঘরের পাশাপাশি সুবিধাভোগী পরিবারের মাঝে এবারে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে। জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান,পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভূট্টু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমূখ।
ইতোপূর্বে ডোমার উপজেলায় ৫ শত ৮ টি পাকা ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।এই ঘরগুলো পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন।








