রংপুর বিভাগীয় প্রতিনিধি: অর্থ অভাবে দিন চলে না গাইবান্ধার আলোচিত এক টাকার মাস্টার লুৎফর রহমানের। শিক্ষার্থীদের দেওয়া ১ টাকার উপর নির্ভরশীল দেশের এ ব্যতিক্রমী শিক্ষা গুরুর জীবন থমকে যাওয়ার অবস্থা। টাকার অভাবে তার এখন কোনোরকমে চলছে নুন মরিচের পান্তায়। এক টাকায় পড়ান বলেই তার নাম ছড়িয়ে পড়েছে ১ টাকার মাস্টার হিসাবে। পল্লী চিকিৎসক সামসুল হক বলেন, আমাদের এলাকায় এক টাকার মাস্টার খুব জনপ্রিয় মানুষ। তিনি দীর্ঘদিন থেকে গরিব মানুষের সন্তানদের পড়ালেখা শেখান। গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বাগুড়িয়া গ্রামে বসবাস করেন লুৎফর রহমান মাস্টার। ফুলছড়ির উড়িয়া গ্রামে তার জন্ম হয়। স্বাধীনতার আগে ব্রহ্মপুত্র নদী তার ঘরবাড়ি, জমিজমা ভেঙে নিয়ে যায়। এরপরও তিনি অতিকষ্টে ১৯৪৮ সালে গুনভড়ি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। অভাব-অনটনে তিনি আর পড়ালেখায় এগোতে পারেননি। ১৯৭২ সালে বন্যায় দ্বিতীয়বার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেলে তিনি কয়েকটি টিন নিয়ে এসে বাগুড়িয়া বাঁধের জায়গায় ঠাঁই নেন। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে ৫ জনের সংসার। তাদের খাবার জোগাতে তিনি শহরের ব্রিজ রোডে একটি কাপড় ধোলাইয়ের দোকানে আয়রনম্যান হিসাবে কাজ করতেন। কয়েক বছর পর বুঝতে পারেন এ টাকায় তার সংসার চলবে না। ফলে এ কাজ বাদ দিয়ে গ্রামের প্রাইমারি স্কুল পর্যায়ের দরিদ্র ও নদীভাঙনের শিকার শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো শুরু করেন। এক দিনে তিনি কয়েক জায়গায় প্রাইভেট পড়ানো শুরু করেন। গ্রামের দরিদ্র মানুষের সন্তানদের পড়ালেখা শিখিয়ে যা আয় হয় তাতেও তিনবেলা খাবার জোটে না। কারণ প্রাইভেট পড়িয়ে তিনি শিক্ষার্থীদের কাছে প্রতিদিন ১ টাকা করে নেন। কোনোদিন ৫ জায়গায় প্রাইভেট পড়ানো থেকে আসে এক-দেড়শ টাকার মতো। কোনো কোনো শিক্ষার্থী তাকে ১ টাকাও দিতে পারে না। এরপরও লুৎফর রহমান শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। পয়সার জন্য গরিবের ছেলে-মেয়ের পড়ালেখা হবে না, তা হতে পারে না। সেই কাকডাকা ভোর থেকে তার পড়ানো শুরু হয়। স্কুলের ঝরে পড়া ও পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে ভাষারপাড়া, চন্দিয়া, খোলাহাটি, সৈয়দপুর ও বাগুড়িয়া গ্রামের নদীর তীরে ৫টি কেন্দ্রে পড়ানোর স্থান হিসাবে বেছে নিয়েছেন তিনি। মাটিতে চট বিছিয়ে চারপাশে গোল হয়ে বসে শিক্ষার্থীরা। তিনি এক কোণে বা মাঝখানে বসে শিক্ষার্থীদের পড়ালেখা দেখিয়ে দেন। ৫টি স্থানে ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থীকে পড়িয়ে ১ টাকা হিসাবে একশত থেকে দেড়শত টাকা আয় হয় তার। এ টাকায় তার সংসারে চাল-ডালের জোগান হয়। কষ্টেশিষ্টে চলে তার সংসার। লুৎফর রহমান মাস্টারের স্ত্রী লতিফুন বেগম বলেন, বড় ছেলে মোরশেদুল ইসলাম বিয়ে করে আলাদা থাকে। আরেক ছেলে শফিউর রহমানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। এক টাকার মাস্টারের ছাত্র জাহেদুল ইসলাম একটা কলেজে চাকরি করেন। তিনি বলেন, স্যার এখন বিপদে আছেন। তার হাতে টাকা-পয়সাও নেই। তিনি খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন। লুৎফর রহমান মাস্টার বলেন, আলুভর্তা দিয়ে পান্তা খেয়ে আর কতদিন থাকা যায়? এছাড়া কোনোদিন তাও জোটে না। ধারদেনা করে খাবার জোগাড় হয়। আমার ছাত্রদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, পুলিশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আমার মতো এক টাকার মাস্টারের কিছুই হয়নি।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







