ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন হামলার ঘটনায় হামলাকারীদের শনাক্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। হামলার ঘটনায় সরাসরি জড়িতদের শনাক্তের উদ্দেশ্যে তাকে ডাকা হয়েছে।
এ বিষয়ে হিরো আলম বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করতে ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। এজন্য আমি এসেছি।
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা মূল হামলাকারী।এর আগে গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।







