ফেসবুকে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচারের অভিযোগে ঠাকুরগাঁওয়ে পাঁচ শত কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোহা. জয়নাল আবেদীন বাদী হয়ে মো. মেহেদী হাসান রনি (২৭) এর বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় মামলা করেন।
অভিযুক্ত মো. মেহেদী হাসান রনি রংপুর পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো. আবু বক্করের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ঠাকুরগাঁও জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মোহা. জয়নাল আবেদীন।
মামলার বিবরণে বলা হয়েছে, ‘গত ২৭ আগস্ট মো. মেহেদী হাসান রনি তার নিজের ফেসবুক আইডিতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ‘সাব্বাস ফখরুল’ নামেও মিছা ফখরুল কামেও মিছা ফখরুল’ উল্লেখে একটি বানোয়াট, মিথ্যা তঞ্চকী যোগসাজসী এবং কল্প কাহিনী তৈরি করে, ফখরুল শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে ৫০ হাজার টাকা মূল্যের চেক নিয়ে সিঙ্গাপুরে গিয়েছেন।’ মর্মে প্রকাশ করে এবং তার ওই ফেসবুকে মিথ্যা জাল ও ভুয়া চেকের ছবি, ফখরুল এবং তার স্ত্রীর ছবি সংযুক্ত করে ফেসবুকে ছেড়ে দেন। তার এমন ভুয়া বানোয়াট স্টেটাসে ফখরুল এবং তার স্ত্রী দেশ, জাতি ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন। তাতে মামলার ভিকটিমের অনুমান ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বিবরণে আরও বলা হয়, ‘বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা তার স্ত্রী কদাপি সরকার দফতর থেকে তদরুপ কোনো চেক গ্রহণ করেননি। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির মহাসচিব ঘটনা অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বাদী অ্যাড. মোহা. জয়নাল আবেদীন বলেন, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করেছেন। মামলার বিষয়ে তিনি পরবর্তীতে নির্দেশনা প্রদান করবেন।







