গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) পঞ্চায়েত শাসনব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২৬ মে) দুপুরে নিজ বাসভবনের সামনে নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে দেয়া বক্তব্যে মায়ের সহযোগী হিসেবে কাজ করার আশাবাদ জানিয়ে এই ব্যবস্থা চালুর ঘোষণা দেন তিনি।
এ সময় সদ্য সাবেক মেয়র বলেন, আমাদের ওয়ার্ড, থানা (সিটি করপোরেশনের) এবং আমাদের মহল্লার সবাইকে নিয়ে একটা পঞ্চায়েত শাসনব্যবস্থা চালু করব। যেন আমাদের সিটি করপোরেশনের মানুষ কাজগুলো সহজে করতে পারে। সবার সহযোগী হয়ে থাকব আমি।
জাহাঙ্গীর আলম বলেন, আমরা কারো সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের জয় হয়েছে, আর যারা অপরাধী তারা অপরাধী হিসেবেই চিহ্নিত হয়েছে। কেউ আঘাত করলে তাকে আঘাত করতে হয় না। শহরের মালিক যে জনগণ এটা আপনাদের ভোটে বিজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে।
তিনি আরো বলেন, আপনারা (কর্মী-সমর্থক) দুঃসময়ে আমার পাশে ছিলেন। আমি আমার এবং মায়ের কাজ দিয়ে এই শহরকে আপনাদের সহযোগিতায় চালাবো। অনেকে আপনাদের ক্ষতি করতে চাইবে। আপানারা খেয়াল রাখবেন, কোনোভাবে যেন নিজেদের কোনো ক্ষতি না হয়।
জায়েদা খাতুনের মুখ্য নির্বাচন সমন্বয় কর্মকর্তা বলেন, আমার মা মানে আপনাদের মা। আমার বাড়িঘর সবার জন্য উম্মুক্ত। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমার মা এবং আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো। সবার জন্য এ শহর।








