মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক তৎপরতায় ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে ১ ডলারের বেশি।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৫৩ ডলারে উঠেছে। চলতি বছরের জানুয়ারির পর যা সর্বোচ্চ। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৯ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৩৭ ডলারে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে দেশটির জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা বৈশ্বিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
এদিকে ইরাক উৎপাদন কমিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মজুদের সীমাবদ্ধতা ও রফতানি রুট বন্ধ থাকায় দেশটি দৈনিক প্রায় ১৫ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে, যা মোট উৎপাদনের প্রায় অর্ধেক। পরিস্থিতির উন্নতি না হলে কয়েক দিনের মধ্যে উৎপাদন আরো কমে ৩০ লাখ ব্যারেল পর্যন্ত নেমে আসতে পারে।
সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালি ঘিরে। এ প্রণালি দিয়ে বিশ্ব তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ট্যাংকারে হামলার পর টানা চার দিন কার্যত চলাচল ব্যাহত থাকে।







