রংপুর প্রতিনিধি: গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়েছে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে ৩৩টি ওয়ার্ডের নেতা-কর্মীদের উপস্থিতিতে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পুনরায় বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এমপি। এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবেও ঘোষণা করা হয় তার নাম। এস এম ইয়াসীরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান দলের চেয়ারম্যান। বলেন দেশের সার্বিক অবস্থা নিয়ে নানা কথা। এদিকে নতুন কমিটি গঠন করায় খুশি মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। কয়েকজন নেতা-কর্মীর সাথে কথা হলে তারা জানান, রংপুর আগে থেকেই জাতীয় পার্টির দূর্গ বলে পরিচিত। নানা কারণে জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়ছে। তবে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রংপুর মহানগর ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বাবু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। তারা বলেন, জাতীয় পার্টি রংপুরের মানুষের হৃদয়ে অবস্থান করেছে, করছে এবং করবে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরাই রংপুরে বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আমরা আশাবাদী।







